
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার চুনতি বনপুকুর এলাকার ফোর সিজন হোটেলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহেনা আক্তার, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার চান আলীর ছেলে নাইমুল ইসলাম জিহান, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাঈমুল ইসলাম এবং ভোলা জেলার বাসিন্দা মনির আহমদ। নিহতদের মধ্যে একজন বিজিবি সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাস দুটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গুরুত্বপূর্ণ এ মহাসড়কে মারসা পরিবহনের সব বাস চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
আপনার মতামত লিখুন :