রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি রাশিয়ার সেনাবাহিনীর নিয়মিত সদস্য হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

লিমনের বরাতে পরিবার জানায়, ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক নিহত হন। আহত হন আরও তিনজন। পরিবারের দাবি, রিয়াদ গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি তিনি পরিবারকে আগে জানাননি।

ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, “সে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, আমরা জানতাম না। জানলে কখনোই যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের লাশেরও সন্ধান পাচ্ছি না।” স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি নিহত পরিবারের খোঁজ নিয়েছেন এবং সরকারি সহায়তার সুযোগ থাকলে তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি মো. এমরানুল কবির জানান, পুলিশ রিয়াদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, প্রবাসে কর্মসংস্থানের নামে গিয়ে এমন যুদ্ধে প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।