গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হামের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি অপারেশন কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। এর মধ্যে ৭৬৯ জনের অবস্থা গুরুতর বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে চিকিৎসা শেষে ৪৮৯ জন শিশু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ জন শিশু, যাদের মৃত্যু সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৯ জনে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৭ হাজার ৬৫৬ জনে। বিপুলসংখ্যক আক্রান্ত শিশুর মধ্যে এখন পর্যন্ত ৩৩ হাজার ৬৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দ্রুত টিকা কার্যক্রম জোরদার করা, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে।