
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডোবার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) বিবস্ত্র ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদামপুর গ্রামের একটি পতিত জমির পাশে থাকা ডোবার ধারে স্থানীয়রা প্রথমে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারীর মরদেহে বেশ কিছু ক্ষতচিহ্ন রয়েছে। বিশেষ করে তার বাম পা ও ডান হাতের কয়েকটি অংশ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহ পড়ে থাকার সময় শিয়াল বা কুকুরের আক্রমণে এসব ক্ষত সৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তার নাম-পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :