
চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।
এদিকে, এর আগে শুক্রবার (৮ মে) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিহতরা হলেন মুরসালিন (২২) ও নবীর হোসেন (৫৫)। একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বিজিবি-এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা ভারত সীমান্তে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হন। লাশ বর্তমানে ভারতের মর্গে রয়েছে এবং তা দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীমান্ত এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর পর কুড়িগ্রামসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিজিবি। স্থানীয়দের সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন :