
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় গুলি করে হেগেরা চাকমা (যুবক) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শুকনোছড়া এলাকায় বসবাস করছিলেন। তিনি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় ভোরে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা। তিনি বলেন, “সকালে ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এদিকে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, ঘটনাস্থলটি সাজেক ও দীঘিনালা সীমান্তবর্তী দুর্গম এলাকা। সেখানে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের তৎপরতা রয়েছে। তিনি বলেন, “এ এলাকায় ইউপিডিএফের দুটি অংশ—প্রসীত গ্রুপ ও গণতান্ত্রিক দল—সক্রিয় রয়েছে।” নিহত হেগেরা চাকমার বিষয়ে ইউপিডিএফ-এর মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, তিনি তাদের সংগঠনের কর্মী ছিলেন এবং “নব্য মুখোশধারী” একটি গ্রুপ এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
ঘটনার বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানান। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো সাজেক ও পার্শ্ববর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
আপনার মতামত লিখুন :