বগুড়া সদর উপজেলায় লোকলজ্জার ভয়ে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মা ও সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।
শনিবার (৯ মে) দুপুরে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মোছা. নিপা আক্তার (২৪) এবং তার বর্তমান স্বামী মো. দুলাল মিয়া (৩৮)। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকার শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে নিপা আক্তারের বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজান মাসে তিনি দুলাল মিয়ার সঙ্গে দ্বিতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে নিপা একটি নবজাতকের জন্ম দেন। এরপর লোকলজ্জার ভয়ে ওই নবজাতকের গলা ব্লেড দিয়ে কেটে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা আক্তার ও তার স্বামী দুলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, সকালে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারেন, নিহত শিশুটি নিপার আগের স্বামীর সন্তান হতে পারে—এমন ধারণা থেকেই এ ঘটনা ঘটতে পারে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :