বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের শ্বশুর মো. সাফার বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর তার পালিত গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ১১টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, নিহতের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মো. সাফা লাকি আক্তারকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি কালাপানিয়া এলাকার খামারবাড়ি গ্রামের বাসিন্দা এবং নিহতের মেয়ের শ্বশুর। পরিবার দাবি করছে, ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভের জেরেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা আবুল বশর বলেন, বেয়াই-বেয়াইন সম্পর্ক থাকা সত্ত্বেও মো. সাফা প্রায়ই তার মেয়েকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।