বৃষ্টির জানাজা কখন ও কোথায়, জানা গেল 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
বৃষ্টির জানাজা কখন ও কোথায়, জানা গেল 

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আজ শনিবার (৯ মে) অনুষ্ঠিত হবে। আসরের নামাজের পর তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা–দাদীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার বাবা–মা ও পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়িতে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাদা–দাদীর পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে মেধাবী এই শিক্ষার্থীকে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। স্থানীয় সময় বুধবার (৬ মে) টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এরই মধ্যে দেশে আনা হয়েছে।

বৃষ্টির মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন সহপাঠী ও পরিচিতজনরা। একজন মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।