
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নূনাছড়া এলাকায় ভোররাতে একদল সশস্ত্র ছিনতাইকারীর কবলে পড়েছেন বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। নূনাছড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ গাড়ি থেকে বিকট শব্দ শোনা যায়। বিষয়টি দেখতে গাড়িচালক গাড়ি থামালে কয়েকজন যাত্রী নিচে নেমে মোবাইলের আলো জ্বালিয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
এ সময় মহাসড়কের পাশের জমি থেকে ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত বেরিয়ে এসে তাদের ঘিরে ফেলে। দুর্বৃত্তদের হাতে রামদা, কিরিচ ও ছুরি ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পরে ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা।
ভুক্তভোগী জনি বণিক (২৯) জানান, গাড়ির বাইরে থাকা তিনজনকে ধাওয়া দিলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন। পরে মসজিদের ভেতর থেকেই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানাকে জানান। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সকালে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেয়।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রব্বানী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গভীর রাতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আপনার মতামত লিখুন :