প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের একটি বাড়িতে প্রবাসীর স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের লাশ বাড়ির ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাউতকোনা গ্রামের বাসিন্দা মনির হোসেন বিদেশে থাকেন। তার অনুপস্থিতিতে বাড়িতে স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। শুক্রবার রাত পর্যন্ত পরিবারের সদস্যদের স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও শনিবার ভোরে প্রতিবেশীরা বাড়ির ভেতরে পাঁচজনের গলাকাটা লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতরা হলেন—মনির হোসেনের স্ত্রী, তার তিন কন্যাসন্তান এবং শ্যালক। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গভীর রাতে বাড়িতে প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।