দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন


মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

দিনাজপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শনিবার (৯ মে) দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ এন এ মার্কেটে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন ঘিরে সকাল থেকেই প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ১১ জন প্রার্থী চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্য পদে ৪ জন প্রার্থী অংশ নেন। মোট ভোটার সংখ্যা ছিল ১৮৩ জন। ভোটগ্রহণ শেষে মোট ১৭৫টি ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর রহমান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. জোবাইদুর রহমান ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মো. খলিল ৬৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম ওয়াসিম ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া কার্যকরী সদস্য পদে রাশেদ আলী ১৩৫ ভোট, মাসুদ রানা মাসুম ১২২ ভোট এবং রবি হোসেন ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে প্রার্থীরা শান্তিপূর্ণভাবে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দেন এবং ভবিষ্যতে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় ব্যবসায়ী ও ভোটাররাও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।