ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। তিনি মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের সুবাদে গত ৫ মে খালিশপুর গোহাটার পাশের একটি ভাড়া বাসায় একজনকে খুঁজতে যান সাজ্জাদুল ইসলাম। সেখানে গিয়ে ওই ব্যক্তিকে না পেয়ে তিনি গৃহবধূর কাছে পানি চান। পরে গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে অভিযুক্ত সাজ্জাদ তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সাজ্জাদুল ইসলামকে আটক করেন। পরে বিষয়টি ধামাচাপা দিতে কাউকে না জানানোর শর্তে অর্থ দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শনিবার (৯ মে) ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, ঘটনাটি মীমাংসার জন্য অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দেন। তবে এরই মধ্যে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :