খুলনায় যুবককে কুপিয়ে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন যুবক এসে অতর্কিতভাবে আজিজুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, নিহত আজিজুল ইসলামের নামে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।