
রংপুর বিভাগে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে র্যাব-১৩। কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে প্রায় ৯৪ কেজি গাঁজা এবং ৩৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এলিট ফোর্সটি। শুক্রবার দুপুরে র্যাব-১৩ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাড়াইতাড়ী গ্রামে অভিযান চালায় র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল। অভিযানে মো. নুর ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীর শোবার ঘরের খাটের নিচ থেকে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে গ্রেফতার করা হয় নুর ইসলামকে।
অন্যদিকে র্যাব-১৩, দিনাজপুরের একটি চৌকস দল একই দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দস্তমপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে তল্লাশিকালে পরিহিত লুঙ্গির ভেতরে লুকিয়ে রাখা ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মুমিনুল ইসলাম (৪০) ও মোঃ লুৎফর রহমান (১৯)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :