কমিটি বাতিলের দাবিতে দিনাজপুরে ছাত্রদলের টানা তৃতীয় দিনের বিক্ষোভ


চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
কমিটি বাতিলের দাবিতে দিনাজপুরে ছাত্রদলের টানা তৃতীয় দিনের বিক্ষোভ

দিনাজপুরে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা সদর হাসপাতাল মোড়ে অবস্থান নেন এবং সেখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিলটি দিনাজপুর শহরের একাডেমি স্কুল এলাকা থেকে শুরু হয়ে মর্ডান মোড়, বিএনপির প্রধান কার্যালয় ও লিলি মোড় ঘুরে সদর হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কমিটি বাতিল এবং পূর্বের কমিটির সঙ্গে সমন্বয় করে পুনরায় কমিটি ঘোষণার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম ও দুঃসময়ে যারা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, নতুন কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। তারা বলেন, “যারা জুলুম-নির্যাতনের শিকার হয়ে, ঘাত-প্রতিঘাত সহ্য করে ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের কি কমিটিতে থাকার যোগ্যতা নেই? পূর্বের কমিটির সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই, যাচাই-বাছাই ও বিশ্লেষণ ছাড়া একক সিদ্ধান্তে কমিটি বাস্তবায়ন কতটুকু আইনসম্মত ও যৌক্তিক?”

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। “নতুন কমিটি বাতিল করে পূর্বের কমিটির সঙ্গে সমন্বয় করে পুনরায় কমিটি ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে,” বলেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাছির মিনার, জেলা ছাত্রদলের কর্মী ও আহ্বায়ক প্রার্থী শাহ নেওয়াজ হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শোয়ানুর রহমান শোহান, যুগ্ম আহ্বায়ক নাছির হাসান রিসান, ১ নম্বর সদস্য প্রমি, জেলা ছাত্রদলের প্রার্থী শাওন সরকারসহ আরও অনেকে।

কর্মসূচিটি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।