হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু

ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। টিকাদান কর্মসূচি চলমান থাকলেও রোগটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, আর দীর্ঘ হচ্ছে কোমলমতি শিশুদের মৃত্যুর মিছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১২ শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে জানা যায়, এই সময়ে ঢাকা বিভাগে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে গত ৪ মে একদিনেই হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৩৮ জনের মধ্যে নতুন করে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, আর নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে মোট ৩১ হাজার ৯১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করাকে জরুরি বলে মনে করছেন তারা।