
“সবার সাথে মানবতায়”—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান একেএম মমিনুল হকের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে কয়েকশ স্বেচ্ছাসেবী ও আজীবন সদস্য অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার শপথ নেন স্বেচ্ছাসেবীরা।
পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিব আহসান। তিনি বলেন, “যেকোনো দুর্যোগ বা মানবিক সংকটে রেড ক্রিসেন্টের কর্মীরা সবসময় সম্মুখসারিতে থাকেন। তাদের নিঃস্বার্থ ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা।”
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জরুরি রক্তদান ও স্বাস্থ্যসেবায় এই সংগঠনের স্বেচ্ছাসেবকদের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার আসাদুজ্জামানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :