
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিজ সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার পাহারা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মফিজার রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় ওমরপুর গ্রামে।
নিহত মফিজার রহমান সেচ পাম্পের মালিক মো. আমজাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমার চুরির সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ট্রান্সফরমারটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না থাকায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চোর চক্র ট্রান্সফরমার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে নির্মমভাবে হত্যা করে। তিনি প্রতিদিনের মতো সেচ পাম্প পাহারা দিতে গিয়েছিলেন।
নিহতের পরিবারে রয়েছে দুই ছেলে ও এক মেয়ে। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি শোকাহত ও ভেঙে পড়েছে।
স্থানীয়রা দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় বিদ্যুৎ সরঞ্জাম ও অবকাঠামো চুরির ঘটনা বন্ধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :