পাবনায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
পাবনায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোড়গাছা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি দুই থেকে তিন দিন আগে খালে পড়ে ডুবে মারা যেতে পারেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কয়েকদিন ধরে এলাকাবাসী ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মরদেহের পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন।