
দিনাজপুরে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে দিনাজপুর শহরের একাডেমি স্কুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মর্ডান মোড়, বিএনপির প্রধান কার্যালয় ও লিলি মোড় হয়ে সদর হাসপাতাল মোড়ে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন এবং নানা প্রতিকূলতা মোকাবিলা করে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের মূল্যায়ন না করেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
তারা বলেন, পূর্বের কমিটির সঙ্গে কোনো সমন্বয় কিংবা যাচাই-বাছাই ছাড়াই একক সিদ্ধান্তে কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের জন্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। বক্তারা আরও জানান, নতুন কমিটি বাতিল করে পূর্বের নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুনরায় কমিটি ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাছির মিনার, জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী শাহ নেওয়াজ হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শোয়ানুর রহমান শোহান, সদস্য প্রমি, জেলা ছাত্রদলের প্রার্থী শাওন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নুর ইসলাম।
আপনার মতামত লিখুন :