
যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় চিকিৎসকের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারসহ তিন জনকে আটক করা হয়। আটকরা হলেন শার্শার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
অভিযানে সোনার বার ছাড়াও একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারগুলোর মূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত সম্পদের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আপনার মতামত লিখুন :