কক্সবাজারে মিলল অজ্ঞাত নারীর মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
কক্সবাজারে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল লাবনী পয়েন্ট মোড়ের পর্যটন কর্পোরেশনের ড্রিংকস কর্ণারের সামনে একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের ফ্লোরে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত কক্সবাজার সদর মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তার বয়সও আনুমানিকভাবে নির্ধারণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি একটি অজ্ঞাত মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পর্যটন এলাকার ব্যস্ততম স্থানে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তসহ ঘটনার পেছনের কারণ উদঘাটনে তারা কাজ করছে।