অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে মিললো ৪ কোটি টাকার ইয়াবা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে মিললো ৪ কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশে একটি কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং মো. আফসার (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) তল্লাশি করা হয়। তল্লাশির সময় গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে ইয়াবা রাখা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। মাদক পাচারের এই নতুন কৌশল পুলিশকে নতুন করে সতর্ক করেছে বলেও জানান তিনি। পুলিশের এই সফল অভিযানে মাদক পাচারের একটি বড় নেটওয়ার্কের তথ্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।