
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বন্ধু নদীপ দেবনাথ (১৬) আহত হয়েছেন।
বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা–মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। তিনি স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপের সঙ্গে বাইরে যান। পরে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। আহত নদীপ দেবনাথ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :