নেত্রকোণার মদনে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
নেত্রকোণার মদনে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোণার মদনে শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে দুপুরের দিকে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

ওসি আরও জানান, আসামিকে পুলিশের কাছে হস্তান্তরের পর দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে। সময় স্বল্পতার কারণে আজ সম্ভব না হলে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আমান উল্লাহ সাগর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে ধরতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) দুপুর ১২টায় র‌্যাব-১৪ এর অধিনায়ক এই চাঞ্চল্যকর মামলার অগ্রগতি নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।