নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের লাটুয়াপাড়া গ্রামে দুপুরে বৃষ্টির সময় মাঠ থেকে ধান কেটে বাড়ি ফিরছিলেন কৃষক দিলীপ বর্মন (৪৯)। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত দিলীপ বর্মন ওই এলাকার হরিচরণ বর্মনের ছেলে।
একই ঘটনায় নারায়ণ ও জীবন নামে আরও দুই কৃষক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাঠ থেকে ধান নিয়ে ফেরার সময় বজ্রপাতে দিলীপ বর্মনের মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক দুটি ইউনিয়নে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার চন্দননগর ও হাজিনগর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি, তবে তিনি খাসের হাট উঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে অনুকূল চন্দ্র মাহাতো (নাম প্রাপ্ত) নামে আরও একজন বজ্রপাতে নিহত হয়েছেন।
একই দিনে পৃথক এলাকায় একাধিক প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বজ্রপাতের সময় মাঠে কাজ করা থেকে বিরত থাকতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার জন্য কৃষকদের সচেতন করা হবে।
আপনার মতামত লিখুন :