কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে অপরাধ প্রবণতা অনেক বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মিলনায়তনে চান্দিনা সড়ক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় জনমনে শঙ্কা সৃষ্টি হচ্ছে। মানুষ এমন পরিস্থিতি দেখতে চায় না। সরকারকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের নিরাপদ আবাসভূমি—এ বার্তা আন্তর্জাতিকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই মূলত এ সংকট তৈরি হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতির ঘাটতির কারণে ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়, যার সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট গড়ে ওঠে।
তিনি আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের জন্য হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।
এর আগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।
এ সময় সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :