লালমনিরহাটে বিজিবি স্কুলে আধুনিক ও আনন্দমুখর শিক্ষাপদ্ধতির যাত্রা শুরু


​লালমনিরহাট জেলা প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
লালমনিরহাটে বিজিবি স্কুলে আধুনিক ও আনন্দমুখর শিক্ষাপদ্ধতির যাত্রা শুরু

লালমনিরহাটে কোমলমতি শিশুদের জন্য আধুনিক ও আনন্দভিত্তিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের জন্য ভীতিমুক্ত, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।

বিশ্বমানের শিক্ষাপদ্ধতির আদলে সাজানো এই কার্যক্রমে প্রথাগত শ্রেণিকক্ষ ব্যবস্থার পরিবর্তে চালু করা হয়েছে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা। এতে শিক্ষার্থীরা একে অপরের মুখোমুখি বসে পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে, যা তাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্ব দিয়ে স্কুলে স্থাপন করা হয়েছে একটি বিশেষায়িত ক্যান্টিন। এখানে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, শিশুদের কাছে স্কুলকে আনন্দের জায়গা হিসেবে উপস্থাপন করাই তাদের লক্ষ্য। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পদ্ধতি শিশুদের আত্মবিশ্বাসী করে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের শিক্ষা মডেল দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।