
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আপনার মতামত লিখুন :