সারাদেশে কৃষকদের জন্য সুখবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
সারাদেশে কৃষকদের জন্য সুখবর

গত কয়েকদিনের টানা ঝড় ও ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ধানসহ মৌসুমি ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন কৃষকেরা। তবে এবার কৃষকদের জন্য এসেছে স্বস্তির খবর। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত কমে গিয়ে প্রায় ১০ দিনের বেশি সময় ধরে দেশে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করতে পারে।

সোমবার (৪ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এই পূর্বাভাস দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, মে মাসের ৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া বেশিরভাগ সময়ই পরিষ্কার ও রৌদ্রজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়টিকে কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কৃষকেরা এই ১০ দিনকে কাজে লাগিয়ে ধান কাটা, মাড়াই এবং শুকানোর পরিকল্পনা আগেভাগেই নিতে পারেন।

এদিকে দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল বিডব্লিউওটি (BWOT) থেকেও একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাদের এক ফেসবুক পোস্টে জানানো হয়, বর্তমানে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো—দেশজুড়ে ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য অনুকূল আবহাওয়া তৈরি হতে যাচ্ছে। তবে তারা আরও জানায়, পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই বিস্তারিত আপডেট দেওয়া হবে।

অন্যদিকে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে আবহাওয়াবিদদের মতে, অতিভারি বৃষ্টির প্রবণতা কমে এসেছে এবং এখন বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, যদি পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আবহাওয়া স্থিতিশীল থাকে, তবে কৃষকদের ক্ষতির কিছুটা হলেও ক্ষতিপূরণ সম্ভব হবে। বিশেষ করে ধান সংগ্রহ ও সংরক্ষণের কাজ দ্রুত সম্পন্ন করতে পারলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যাবে বলে আশা করা হচ্ছে।