ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি দুলাল মিয়া (৫৪), তিনি ওই গ্রামেরই বাসিন্দা এবং পেশায় একজন ধান ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল মিয়া মুন্সিরহাট বাজারে দীর্ঘদিন ধরে ধানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। রোববার (৩ মে) রাতে তিনি বাজার থেকে বাড়ি ফেরেননি। পরিবার প্রথমে ধারণা করেছিল, তিনি হয়তো ব্যবসার কাজে বাইরে কোথাও অবস্থান করছেন। তবে পরদিন সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের চাচাতো ভাই জামান খান বলেন, “আমাদের জানা মতে ভাইয়ের কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। কেন বা কারা তাকে এভাবে হত্যা করল, তা আমরা কিছুই বুঝতে পারছি না।”
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, এ নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :