রাঙামাটিতে ১৪৪ ধারা জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
রাঙামাটিতে ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে বিরোধের জেরে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

সোমবার (৪ মে) দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দেন, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও জটিল হয় যখন বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির সমর্থনে স্লোগান দিতে দিতে কার্যালয় অতিক্রম করে। তখন পদবঞ্চিতদের সঙ্গে তাদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরপর নতুন কমিটির সমর্থকরা সংগঠিত হয়ে পাল্টা অবস্থান নিলে পদবঞ্চিতরা এলাকা ছেড়ে চলে যান। পরে নতুন কমিটির পক্ষের কয়েকশ নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন, এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এরপর জেলা প্রশাসন রাঙামাটি শহরের বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে। রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উভয় পক্ষ এলাকা ছেড়ে চলে গেছে।

উল্লেখ্য, গত শনিবার নতুন কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠেন পদবঞ্চিতরা। সেদিনও তারা বিএনপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরবর্তীতে জেলা বিএনপি নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সোমবার নতুন করে উত্তেজনা দেখা দেয়। এদিন বিকেলে নতুন কমিটির সমর্থনে আনন্দ মিছিলের ঘোষণা দেওয়া হলে পদবঞ্চিতরা আগে থেকেই অবস্থান নিয়ে সেটি প্রতিহত করার চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।