
দিনাজপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (৪ মে) বিকেলে শহরের নিমতলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত জেলা ছাত্রদলের কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। একক সিদ্ধান্তে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, যারা দীর্ঘদিন ধরে দুঃসময়ে দলকে ধরে রেখেছেন, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন এবং সংগঠনের জন্য আত্মত্যাগ করেছেন—তাদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত সংগঠনের ভবিষ্যতের জন্য হুমকি বলে উল্লেখ করেন তারা।
তারা আরও বলেন, জেলা পর্যায়ের এত গুরুত্বপূর্ণ একটি কমিটি গঠনের সময় কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি বিস্ময়কর। কমিটি গঠনের আগে প্রার্থীদের যোগ্যতা, ত্যাগ ও সামাজিক গ্রহণযোগ্যতা যাচাই করা উচিত ছিল বলেও মত দেন বক্তারা।
মানববন্ধনে দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাছির মিনার, জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী শাহ নেওয়াজ হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শোয়ানুর রহমান, প্রার্থী শাওন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। কর্মসূচি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নুর ইসলাম।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নবগঠিত কমিটি বাতিল করে যোগ্য নেতৃত্বের ভিত্তিতে নতুন কমিটি গঠন না করা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :