হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানা গেছে, বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গজনিত জটিলতায়।

রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৪ জনে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৬৬ জন এবং নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ৯৫ জন। এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৩১৩ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮১৬ জন। পরিসংখ্যানে দেখা যায়, সন্দেহজনক হামে মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হামের সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে শিশুদের মধ্যে ঝুঁকি বেশি থাকায় দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা সতর্ক করে বলেন, সময়মতো টিকা না দেওয়া এবং চিকিৎসা দেরিতে শুরু হলে শিশুদের মধ্যে জটিলতা দ্রুত বাড়তে পারে। তাই অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।