মাটির নিচ থেকে আসছে অদ্ভুত শব্দ, ঘটনা কী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
মাটির নিচ থেকে আসছে অদ্ভুত শব্দ, ঘটনা কী

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক কৃষকের জমির নিচ থেকে ভেসে আসা অদ্ভুত শব্দকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক। স্থানীয়দের ধারণা, এর পেছনে থাকতে পারে প্রাকৃতিক গ্যাস বা অন্য কোনো ভূগর্ভস্থ উৎস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বালীয়াতলী ইউনিয়নের বড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। কৃষক আশোক আলী মৃধা তার জমিতে গরু চরাতে গিয়ে প্রথমে মাটির নিচ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান, যা তিনি আগে কখনো শোনেননি। বিষয়টি বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে শেয়ার করার পর দ্রুতই তা এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা জমিতে ভিড় করেন। অনেকেই কোদাল দিয়ে মাটি খুঁড়ে দেখার চেষ্টা করেন। তবে মাটি খোঁড়ার সঙ্গে সঙ্গে শব্দ আরও তীব্র হয়ে ওঠে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এরপর আশপাশের এলাকায় লাগাতার বুঁদ বুঁদ শব্দ শোনা যেতে থাকে, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

শুক্রবার (১ মে) সরেজমিনে দেখা যায়, বড়পাড়া গ্রামের একটি মাঠে অর্ধশতাধিক মানুষ ভিড় করে আছেন। কেউ মাটি খুঁড়ছেন, কেউ আবার গর্তের মাটি ও পানি পরীক্ষা করছেন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে—মাটির নিচে কি প্রাকৃতিক গ্যাস, নাকি অন্য কোনো খনিজ সম্পদ রয়েছে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। জমির মালিক আশোক আলী মৃধা বলেন, প্রথমে তিনি ভয় পেয়ে যান। পরে বিষয়টি নিশ্চিত হতে অন্যদের ডেকে আনেন। তার ধারণা, মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের খনি থাকতে পারে।

স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ মৃধা জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ বিকট শব্দ আরও জোরালো হয়, তখন তারা আতঙ্কিত হয়ে পড়েন। তার দাবি, কয়েকদিন পর অন্য জায়গায়ও একই ধরনের শব্দ শোনা গেছে। এ ঘটনায় স্থানীয়রা জরুরি সেবা নম্বরে ফোন করে বিষয়টি জানান। তারা দ্রুত সরকারি তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক আল-আমিন গাজি বলেন, টপ সয়েলের নিচে সাধারণত গ্যাস থাকার সম্ভাবনা কম হলেও অসম্ভব নয়। এটি মিথেন গ্যাসও হতে পারে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদিক বলেন, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ দল দিয়ে তদন্ত করা হতে পারে। এ ঘটনায় এলাকায় এখনো কৌতূহল ও আতঙ্ক—দুই-ই বিরাজ করছে।