
উত্তরবঙ্গের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হতে পারে।
রোববার (৩ মে) সকালে লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের একটি প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, তিস্তা নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এই মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, প্রকল্পের কারিগরি সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং জাতীয় সংসদে উত্তরবঙ্গের প্রতিনিধিরাও দ্রুত বাস্তবায়নের পক্ষে একমত হয়েছেন।
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও নদী ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, যা এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
এসময় হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কৃষকদের জন্য বিশেষ সহায়তা কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে আগামী তিন মাস তারা খাদ্যশস্য ও নগদ সহায়তা পাবেন।
পরিদর্শন শেষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জাকাতভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প’র আওতায় ৯৩ জন অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের সামগ্রী এবং প্যাডেলচালিত ভ্যান প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :