চীন-জাপান-থাইল্যান্ডে যাচ্ছে পিরোজপুরের মরিচ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
চীন-জাপান-থাইল্যান্ডে যাচ্ছে পিরোজপুরের মরিচ

পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুর উপজেলায় উৎপাদিত বোম্বাই মরিচ এখন শুধু দেশের বাজারেই সীমাবদ্ধ নয়, রপ্তানি হচ্ছে চীন ও জাপানের মতো দেশেও। ঘৃত্তকুমারী নামে পরিচিত এই বিশেষ জাতের মরিচ চাষ করে এই দুই উপজেলার কয়েক হাজার পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।

স্থানীয় কৃষকদের উদ্যোগে শুরু হওয়া এই মরিচ চাষ এখন একটি লাভজনক কৃষি খাতে পরিণত হয়েছে। আগে বাড়ির আঙিনায় পারিবারিক চাহিদা মেটাতে অল্প পরিসরে এই মরিচ গাছ লাগানো হলেও ধীরে ধীরে তা বাণিজ্যিক চাষে রূপ নেয়। বর্তমানে নেছারাবাদের আটঘর, কুড়িয়ানা, মাহামুদকাঠি, কামারকাঠি এবং নাজিরপুরের বেলুয়া, মুগারঝোড়, বৈঠাকাটা ও বিলডুমুরিয়া এলাকায় ব্যাপকভাবে এই মরিচের চাষ হচ্ছে।

চাষিরা জানান, মৌসুমে একটি বোম্বাই মরিচ ৩ থেকে ১০ টাকায় বিক্রি হয়। একটি গাছ ৭ থেকে ৮ মাস পর্যন্ত ফল দেয় এবং প্রতিটি গাছে ৪০০ থেকে ১ হাজার পর্যন্ত মরিচ পাওয়া যায়। ফলে এটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে।

২০১২ সালে প্রথমবারের মতো এই মরিচ জাপানে রপ্তানি করা হয়। এরপর থেকে প্রতি বছর নিয়মিতভাবে বিদেশে রপ্তানি হচ্ছে, যার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার বলেন, এই মরিচের ফলন ও চাহিদা দুটোই বেশি। কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। উৎপাদন আরও বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে সরাসরি কৃষকদের সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে। কৃষি বিভাগ বলছে, সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে পিরোজপুরের বোম্বাই মরিচ দেশের অন্যতম রপ্তানিযোগ্য কৃষিপণ্য হিসেবে বড় সম্ভাবনা তৈরি করতে পারে।