
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ রুজিনা বেগম। তিনি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
রোববার (৩ মে) বিকেলে গাইবান্ধা পৌর পার্ক সংলগ্ন একটি টেলিভিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রুজিনা বেগম জানান, গত ১৯ এপ্রিল সকালে তার আত্মীয় আনোয়ারা বেগম কুমারপাড়া জামে মসজিদের সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে একদল ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে শাহজাহান মিয়া, সৌরভ মিয়া, জসিম মিয়া, বক্তার মিয়া, রাজন মিয়া, নুরুজ্জামান মিয়া, শরিফ মিয়া ও শাপলা বেগমসহ আরও কয়েকজন জড়িত ছিল। হামলায় তার স্বামী আরিফ মিয়া, দেবর রিজু মিয়া ও শাশুড়ী রানী বেগম গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার স্বামীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। প্রতিরোধ করতে গিয়ে তিনি গুরুতর জখম হন। তার দেবরের হাতের আঙুল কেটে যায় এবং শাশুড়ীকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন :