এক সকালেই তিন জেলার সড়কে ঝরল ১১ প্রাণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
এক সকালেই তিন জেলার সড়কে ঝরল ১১ প্রাণ

একই সকালে দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১১ জনের প্রাণহানি ঘটেছে। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে দুইটি দুর্ঘটনায় ১০ জন নিহত হন। এছাড়া কুমিল্লায় মোটরসাইকেল থেকে পড়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সিলেটে। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার ব্রিজের পাশে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হন। আহত হন আরও অন্তত ৭ জন। পুলিশ জানায়, শ্রমিকরা সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন—সুরুজ আলী (৬০), মোছা. মুন্নি (৩৫), মো. বদরুল (৩০) এবং মো. ফরিদুল (৩৫)। বাকিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ দুর্ঘটনার মাত্র আধা ঘণ্টা আগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আরেকটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন জিসান (৩৫) ও সোহান (১৫)। পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে একই সকালে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় পৃথক ঘটনায় প্রাণ হারায় ৮ বছরের শিশু মো. খালিদ হোসেন। বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

একই সকালে তিন জেলায় একাধিক প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়কে বাড়তে থাকা এমন দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।