কলমাকান্দায় বেহাল সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
কলমাকান্দায় বেহাল সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রানীগাও বাজার থেকে উত্তর রানীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের যাতায়াতে এই সড়ক ব্যবহার করতে গিয়ে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ভ্যান ও অটোরিকশা চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

অল্প বৃষ্টিতেই সড়কে কাদা ও পানি জমে যায়। ফলে যানবাহন চলাচল যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলও হয়ে পড়ে দুর্বিষহ। স্থানীয়দের দাবি, অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াতের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। কিন্তু এখনো সড়ক সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের আরও অভিযোগ, পাহাড়ি এলাকা হওয়ায় বর্ষাকালে রাস্তায় পানি জমে বড় বড় খানা-খন্দ সৃষ্টি হয়। এতে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সময়মতো কৃষিপণ্য বাজারে নিতে না পারায় তারা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কার করা না হলে শিক্ষা, কৃষি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আরও নেতিবাচক প্রভাব পড়বে।