ইরাকের সড়ক দুর্ঘটনায় নিহত মাদারগঞ্জের দুই যুবকের মরদেহ ২৬ দিন পর বাড়িতে


মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
ইরাকের সড়ক দুর্ঘটনায় নিহত মাদারগঞ্জের দুই যুবকের মরদেহ ২৬ দিন পর বাড়িতে

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত মাদারগঞ্জের দুই যুবকের মরদেহ দীর্ঘ ২৬ দিন পর নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে মরদেহ দুটি মাদারগঞ্জ উপজেলার নিজ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ শেষবারের মতো তাঁদের দেখতে ভিড় করেন।

নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার মনোহার আলী মন্ডল (৩৫) এবং ১ নং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার বজলুর রহমান। মনোহার আলী খলিল মন্ডলের ছেলে এবং বজলুর রহমান আলাউদ্দীন মাষ্টারের দ্বিতীয় সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মে ইরাকের কুর্দিস্তানে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৃত্যুর ২৬ দিন পর তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

মরদেহ পৌঁছানোর পর পৃথক সময়ে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় বজলুর রহমান এবং বিকেল সাড়ে ৫টায় মনোহার আলী মন্ডলের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। পুরো এলাকায় তখন শোকের ছায়া নেমে আসে।