প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের রঙে সেজেছে ত্রিশাল


ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের রঙে সেজেছে ত্রিশাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ দিনব্যাপী জাতীয় আয়োজনকে ঘিরে পুরো উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামীকাল ২৩ মে (শনিবার) এই আয়োজনে যোগ দিতে ত্রিশাল সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশালজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সরকারি নজরুল একাডেমি মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল ও নান্দনিক মঞ্চ। শেষ মুহূর্তের সাজসজ্জা, নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করছে। জাতীয় পর্যায়ের এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় বৈলর ইউনিয়নে খরার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে বিকেল সাড়ে ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শুভ উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন।

এছাড়া বিকেল সাড়ে ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে ২৪ মে আইনমন্ত্রী এবং ২৫ মে সংস্কৃতি মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। জাতীয় এই আয়োজনকে কেন্দ্র করে ত্রিশালবাসীর মাঝে বইছে উৎসবের আমেজ।