
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া পাড়া এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। গত শনিবার দুপুর ১২টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙনকবলিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার খোঁজখবর নেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি জানান, বাঁধ নির্মাণ সম্পন্ন হলে দেওয়ানগঞ্জ থেকে খোলাবাড়ী পর্যন্ত একটি পাকা সড়ক নির্মাণ করা হবে, যা স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। এ সেতু বাস্তবায়িত হলে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। সম্ভাব্য সেতু রুট নিয়ে নানা আলোচনা থাকলেও তিনি বালাসী-বাহাদুরাবাদ রুটেই সেতু নির্মাণের পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান।
প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জ থেকে রাজিবপুর পর্যন্ত সড়ককে দুই লেনে উন্নীত করার আশ্বাস দিয়ে বলেন, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হবে।
পরিদর্শন শেষে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল সেমাই, মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, চাল ও লবণ।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্রতিমন্ত্রীর পুত্র ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সাঈদ বিন আনোয়ার সজিব, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন :