সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত রশিটান খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
শনিবার রাত প্রায় ১০টার দিকে ব্যাটারি গল্লি ছাতক ও সবুজ বাংলা-১ লোহারগাঁও, জগন্নাথপুর দলের মধ্যকার খেলা শেষে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় সবুজ বাংলা-১ দল বিজয়ী হওয়ার পর তাদের কয়েকজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের উদ্দেশে উস্কানিমূলক ইঙ্গিত ও মন্তব্য করেন। এ নিয়ে প্রথমে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সংঘর্ষ থামাতে আয়োজক কমিটির সদস্যরা এগিয়ে এলে ব্যাটারি গল্লি দলের কিছু সমর্থক তাদের ওপরও হামলা চালায়। এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে মিজানুর রহমান জানান, সংঘর্ষের পর কিছু সময় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :