সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে দোয়ারাবাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা


দোয়ারাবাজার প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে দোয়ারাবাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল ও হাওরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার আনোয়ারপুর–সুনামগঞ্জ সড়ক পানিতে তলিয়ে গেছে। একইভাবে সদর উপজেলার কয়েকটি বাজারে পানি প্রবেশ করেছে। খাসিয়ামারা নদীর দুই তীর উপচে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।

দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর, ছড়ারগাঁও, সুরমা ইউনিয়নের ভুজনা, কালিকাপুর, কদমতলী, সোনাপুর, নুরপুর, বৈঠাখাই, রসরাই, মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর, আজমপুর, কাটাখালী ও জালালপুরসহ বিভিন্ন নিম্নাঞ্চল এবং হাওরপাড়ের কয়েকটি গ্রামে পানি প্রবেশ করছে বলে জানা গেছে। একই সঙ্গে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চলও ঝুঁকিতে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সুরমা, বৌলাই, যাদুকাটা ও রক্তি নদীর পানি ইতোমধ্যে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৬৪ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে তা বিপৎসীমার কাছাকাছি বা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়বে।

অন্যদিকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জরুরি বৈঠকে ব্যস্ত থাকায় মন্তব্য পাওয়া যায়নি।