চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী

দক্ষিণ ভারতের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এস জানকী আর নেই। বয়সজনিত নানা শারীরিক জটিলতায় শনিবার (১১ জুলাই) ভারতের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এস জানকীর নাতনি এক আবেগঘন বার্তায় জানান, শান্তিপূর্ণভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই কিংবদন্তি শিল্পী। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও সংগীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সিস্তলা শ্রীরামমূর্তি জানকী, যিনি সংগীতপ্রেমীদের কাছে এস জানকী নামে পরিচিত, জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালের ২৩ এপ্রিল ভারতের বর্তমান অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। তার বাবা ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ও শিক্ষক। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহী ছিলেন তিনি। মাত্র ৯ বছর বয়সে প্রথম মঞ্চে গান পরিবেশনের সুযোগ পান এই শিল্পী।

১৯৫৭ সালে তেলুগু চলচ্চিত্র ‘এমএলএ’-এর ‘নী আশা আদিয়াসা’ গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ সংগীতজীবনে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দি, বাংলা, ওড়িয়া, তুলু ও উর্দুসহ প্রায় ২০টি ভাষায় গান গেয়েছেন তিনি।

চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করে ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম সেরা প্লেব্যাক শিল্পীর মর্যাদা অর্জন করেন এস জানকী। তার কণ্ঠের মাধুর্য ও আবেগময় উপস্থাপনা তাকে কোটি ভক্তের কাছে জনপ্রিয় করে তোলে।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন ভাষায় ৩৩টি রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। কিংবদন্তি সুরকার ইলাইয়ারাজার সঙ্গে তার অসংখ্য গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। ‘ইঞ্জি ইডুপাঝাগি’, ‘সেন্থুরা পুভে’ এবং ‘কানমানি আনবোদু’ তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে অন্যতম।

২০১৩ সালে ভারত সরকার তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ দেওয়ার ঘোষণা দিলে তা গ্রহণ করেননি এস জানকী। তার ভাষ্য ছিল, প্রায় ৫৫ বছরের সংগীতজীবনের পর এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে। একই সঙ্গে দক্ষিণ ভারতের শিল্পীরা জাতীয় পর্যায়ে যথাযথ সম্মান পান না বলেও আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি।

জীবনের শেষ কয়েক বছর জনসমক্ষে খুব বেশি দেখা না গেলেও সংগীতপ্রেমীদের হৃদয়ে সবসময় ছিলেন তিনি। সম্প্রতি গায়িকা সুনীতা তার সঙ্গে দেখা করলে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের আবেগাপ্লুত করে। এস জানকীর মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গন হারাল এক অনন্য প্রতিভাকে। তার কণ্ঠের সুর ও অসংখ্য কালজয়ী গান শ্রোতাদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।