নিজেদের অধিকার আদায়ে সচেতন হতে হবে’—নরসিংদীতে ড. মঈন খান


পলাশ উপজেলা প্রতিনিধি, কামরুজ্জামান  প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
নিজেদের অধিকার আদায়ে সচেতন হতে হবে’—নরসিংদীতে ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের গণতন্ত্র, সামাজিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে খান পরিবার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নিজের অধিকার আদায়ে মানুষকে সচেতন হতে হবে। অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না, তা আদায় করে নিতে হয়।

গত শনিবার বিকেলে নরসিংদীর পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, তার মা বেগম খোর্শেদা বানু খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় খান পরিবারও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জীবনের শেষ দিন পর্যন্ত এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ সমাজ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড. মঈন খানের সহধর্মিণী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি মিলেনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খোর্শেদা বানুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।