
ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরের আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার (৯ জুলাই) বুশেহর প্রদেশের ডেপুটি গভর্নরের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর প্রদেশের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান জানান, বৃহস্পতিবার প্রদেশটির কয়েকটি এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা, চোগাদাক শহরের একটি সামরিক ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের একটি মাছ ধরার ঘাট ছিল।
তিনি জানান, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত চোগাদাক শহরের বাসিন্দারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর হামলার বিষয়টি জানতে পারেন।
চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে এর আগেও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে সামরিক হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত এপ্রিল মাসে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করে বলেছিল, পারমাণবিক স্থাপনার কাছাকাছি যেকোনো ধরনের সামরিক হামলা পারমাণবিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
রাশিয়ার সহযোগিতায় নির্মিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে একটি রিয়্যাক্টর চালু রয়েছে। আরও দুটি রিয়্যাক্টর নির্মাণাধীন রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির অবনতির পর রাশিয়া এ কেন্দ্র থেকে তাদের কর্মরত কর্মকর্তা ও কর্মীদের সরিয়ে নিয়েছে।
যুদ্ধ পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, চলমান সংঘাত শুরুর পর থেকে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে এ নিয়ে চারবার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এবারের হামলাটি কেন্দ্রটির সবচেয়ে কাছাকাছি এলাকায় হওয়ায় সম্ভাব্য তেজস্ক্রিয় ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :