দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) থেকে নতুন নির্ধারিত দামেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সোমবার (৬ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সোনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও তৈরির ওপর নির্ধারিত মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। এছাড়া সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এর আগে গত ৩ জুলাই সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে, ৪৩ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে।